যুদ্ধজাহাজ বিজয় জেটিতে ফিরেছে

চট্টগ্রাম, ২৬ অক্টোবর- ভূমধ্যসাগরের লেবাননে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’। রোববার জাহাজটি চট্টগ্রাম নেভাল জেটিতে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় নৌবাহিনী প্রধান জাহাজে উপস্থিত কর্মকর্তা ও নাবিকদের সফলভাবে মিশন শেষ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নৌপ্রধান বলেন, বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়া এবং নৌ সদস্যদের আহত হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সার্বক্ষণিক খোঁজখবর নেন। সেইসঙ্গে জাহাজের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং আহত সদস্যদের সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সবার সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মেরামত শেষে নিরাপদে জাহাজটি দেশে ফিরিয়ে আনতে নৌপ্রধান জাহাজের প্রতিটি সদস্যের অসীম সাহস, উদ্যম এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
নৌপ্রধান আরও বলেন, সফলভাবে দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে প্রমাণ হলো, বাংলাদেশ নৌবাহিনী তার ওপর ন্যস্ত যে কোনো দায়িত্ব পালনের চ্যালেঞ্জ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম। জাহাজের নৌ সদস্যরা করোনামুক্ত থাকায় সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
আরও পড়ুন: রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় কাল
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে জাহাজটি ২০১৭ সালের ১ ডিসেম্বর লেবাননে যায়। যোগদানের পর থেকে জাহাজটি লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানিজ নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে আসছিল। লেবাননে অবস্থানকালে তিন বছরে জাহাজটিতে পর্যায়ক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ৩৩০ জন সদস্য অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালে গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত বন্দরের একটি ওয়্যারহাউসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। মেরামত শেষে ২৪ সেপ্টেম্বর জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১০ হাজার ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাহাজটি রোববার দেশে পৌঁছায়।
সূত্র: সমকাল
আর/ ২৬ অক্টোবর









