
বরগুনা, ২৭ অক্টোবর- বরগুনায় আলোচিত রিফাত হত্যার ১৪ কিশোরের রায় কিছুক্ষণের মধ্যেই দিবেন বিচারক। ছেলে হত্যার রায়ে সর্বোচ্চ শাস্তির আশায় আদালত পড়ায় বাবা দুলাল শরীফ অপেক্ষা করছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১২টার দিকে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান ১৪ কিশোর আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করবেন।
আরও পড়ুন: রিফাত শরীফ হত্যা মামলা: আদালতে অপ্রাপ্তবয়স্ক আসামিরা
নিহত রিফাত ফরাজীর বাবার দুলাল ফরাজী বলেন, আমার একমাত্র ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত পাড়ায় অপেক্ষা করছি। আমার ছেলের হত্যার এমন রায় আশা করছি যা বরগুনা নয় সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এমন হত্যাকাণ্ড কেউ ঘটাতে না পারে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল এ প্রতিবেদককে বলেন, মামলাটির রায়ের জন্য পূর্ব নির্ধারিত সময় বেলা ১১ টা দিকে। তবে একটু বিলম্ব হচ্ছে তবে বেলা ১২ দিকে বিচারক রায় পড়া শুরু করবেন।
আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সকল আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। গত ১৪ অক্টোবর বুধবার আদালতে উপস্থাপিত রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডন শেষে এ রায়ের দিন ধার্য করেন আদালত।
রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলো- মো. রাশিদুল হাসান রিশান ফরাজী (১৭), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), মো. আবু আবদুল্লাহ রায়হান (১৬), মো. ওলিউল্লাহ অলি (১৬), জয় চন্দ্র সরকার চন্দন (১৭), মো. নাইম (১৭), মো. তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫) রাতুল সিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)। চলতি বছরের গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ১৩ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শাহনেওয়াজ রিফাতকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে রিফাত মারা যান। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক আসামি ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক আসামি ১৪ জন।
গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন আদালত। বাকি চারজনকে বেকসুর খালাস প্রদান করা হয়।
সূত্র: বার্তা২৪
আর/০৮:১৪/২৭ অক্টোবর








