উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কারফিউ জারি

ওয়াশিংটন, ২২ নভেম্বর- করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করছে সরকার। স্থানীয় সময় শনিবার থেকে এ কারফিউ শুরুর ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে গত মে মাসের পর প্রথমবারের মতো প্রতিদিন দুই হাজার মানুষের মৃত্যু হচ্ছে। লস অ্যাঞ্জেলেস টাইমসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত আগস্টের পর সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। তাই পশ্চিমের এ অঙ্গরাজ্যটিতে করোনার ঢেউ মোকাবিলায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে ১০ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়। অঙ্গরাজ্যটিতে করোনা সংক্রমণের হার বাড়ছেই। ফলে স্থানীয় সময় শনিবার থেকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করছে সরকার। পরে এর মেয়াদ প্রয়োজনে বাড়ানোও হতে পারে। রাত্রিকালীন কারফিউয়ের যে সময় বেঁধে দেওয়া হয়েছে ওই সময়ের বাইরে ক্যালোফোর্নিয়ার রেস্তোরাঁগুলো খাবার সরবরাহ করতে পারবে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ কারফিউ ঘোষণা করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভাইরাসটি খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে। আগে এমনটি দেখা যায়নি। ফলে পরবর্তী কয়েক সপ্তাহ করোনার এ সংক্রমণ কমাতে আমাদের জরুরি ব্যবস্থা নিতে হবে।’

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৫৫ হাজারের বেশি। পৃথিবীজুড়ে এখন পর্যন্ত সবথেকে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে।

গত শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে ১ লাখ ৮৭ হাজার নতুন সংক্রমণ হয়েছে গত কয়েকদিনে। এটি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। কয়েকটি অঙ্গরাজ্যে মাস্ক ব্যবহার ও মার্কিন নাগরিকদের চলাচলে কড়াকাড়ি আরোপ করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় টেক্সাসের হাসপাতাল ও মর্গগুলোতে জাতীয় নিরাপত্তাকর্মীদের নিয়োগ করা হয়েছে।

দ্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) আগামী ২৬ নভেম্বরের ‘থ্যাংকসগিভিং হোলিডে’ তে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। এ হোলিডে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য সবচেয়ে ব্যস্ততম সপ্তাহ। গত বছর এ সপ্তাহে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ দেশের বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছিল।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/২২ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language