‘নির্ভীক’ এর সাহায্যে সাত দিন পর ডুবে যাওয়া ফেরি উদ্ধার

ঢাকা, ১৪ ডিসেম্বর – অবশেষে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের সাহায্যে ডুবুরি দল মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ডুবে যাওয়া ডাম্প ফেরি তীরে টেনে উঠাতে সক্ষম হয়েছে। ডুবে যাওয়ার সাত দিন পর সোমবার সন্ধ্যায় ফেরিটি উদ্ধার করা হয়।
ডুবে যাওয়া ফেরিটির ওজন অনেক বেশি হওয়ায় ফেরিটি টেনে তুলতে অনেক সময় লেগেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার এবং নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক এসএম আজগর আলী বলেন, ৭ ডিসেম্বর বাংলাবাজার ফেরিঘাটের কাছেই রানীগঞ্জ ডাম্ব ফেরিটি ডুবে যায়। ওই খবর পেয়ে ৯ ডিসেম্বর উদ্ধার প্রক্রিয়ার প্রাথমিক কাজ শেষ করে সোমবার বিকাল থেকে পুরোপুরি উদ্ধার কাজ শুরু করা হয়।
তিনি বলেন, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের সহায়তায় ডুবুরি দল ও সেচ যন্ত্রের সাহায্যে সোমবার রাত ৮টায় ফেরিটি সম্পূর্ণ টেনে উঠাতে সক্ষম হই। তবে ফেরিটির ওজন অনেক বেশি হওয়ার ফেরিটি তুলতে অনেক বেশি সময় লেগেছে এবং বেগ পেতে হয়েছে।
আরও পড়ুন : তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার ভোট ৩০ জানুয়ারি
উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১০টার সময় ৭টি ট্রাক, ৫টি যাত্রীবোঝাই বাস ও ৭টি ছোট গাড়ি নিয়ে মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় রানীগঞ্জ ডাম্ব ফেরি। ওই ফেরিতে যাত্রী ও কর্মীসহ চার শতাধিক মানুষ ছিলেন। রাত ১১টার দিকে ফেরিটি যখন পদ্মা সেতু সংলগ্ন হাজরা চ্যানেলের কাছাকাছি পৌঁছায় তখন সেতু স্থাপনের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপের সঙ্গে প্রবল বেগে ধাক্কা খায়।
শব্দের উৎস খুঁজতে গিয়ে ফেরির চালক ফজলুল করিম দেখতে পান ফেরির তলা ফেটে প্রবল বেগে পানি প্রবেশ করছে। তিনি দ্রুতগতিতে ঘাটের দিকে রওনা হন। তখনও ঘন কুয়াশা না পড়ায় ২০ মিনিটের মধ্যে বাংলাবাজার ঘাটে পৌঁছে যায় ফেরিটি। ততক্ষণে ফেরির ওপরে পানি উঠতে শুরু করেছে। ফজলুল করিম যাত্রীদের কিছুই বুঝতে দেননি। একে একে সব গাড়ি আনলোড করার পর তিনি ঘাটের উল্টো পাশেই ফেরিটি নোঙর করেন। বাংলাবাজার ঘাটের বিপরীতে সকালের দিকে ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়া ফেরিটি অনেক পুরনো।
সুত্র : যুগান্তর
এন এ/ ১৪ ডিসেম্বর









