জাতীয়

বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২১ ডিসেম্বর- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পদ্মা সেতু দেশের জন্য আরেকটি বড় বিজয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে নিজেদের অর্থে আমরা পদ্মা সেতু তৈরি করতে সক্ষম হয়েছি। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার নির্দেশিত পথে চলতে পারলে অবশ্যই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

রোববার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘বিজয় দিবসের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে বাংলাদেশকে দারিদ্র্যক্লিষ্ট, সাইক্লোনক্লিষ্ট, দুর্নীতিপরায়ণ দেশ হিসেবে ব্র্যান্ডিং করে। কিন্তু বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ, অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে প্রথম ও নারীর ক্ষমতায়নে নক্ষত্র। এদেশ বিনিয়োগে প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় অনেক বেশি এগিয়ে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা সারা বিশ্বের মধ্যে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু সবসময় শান্তির ওপর গুরুত্বারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণও সবসময় শান্তিপ্রিয়। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন, এই বিষয়টিও আমরা সারাবিশ্বে তুলে ধরতে চাই।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব, ব্যবসাবান্ধব ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। দুর্নীতি রোধে ডিজিটাল প্রযুক্তি ব্যাপকভাবে সাহায্য করছে।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা প্রকল্পে ১৮ কোটি টাকা সাশ্রয়

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ব্যাপারে নজর রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর কয়েকজন খুনি পলাতক রয়েছে। এ বিষয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতোমধ্যে আমেরিকা ও কানাডায় ‘সিগনেচার ক্যাম্পেইন’ শুরু করেছে। তারা স্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট সরকারের কাছে পৌঁছে দিচ্ছে।

সভায় সংযুক্ত ছিলেন শেখ পরিবারের প্রবীণতম সদস্য শেখ কবির হোসেন, গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহীদুল্লাহ খন্দকার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।

সূত্র : বাসস
আডি/ ২১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language