ভারতে শিখ ও নাগা চরমপন্থীদের সমর্থনদাতা পাকিস্তান, পাক সাংবাদিক (ভিডিও)

ইসলামাবাদ, ১১ জানুয়ারি- ভারতে সন্ত্রাসবাদ এবং দেশবিরোধী কর্মকাণ্ডের পেছনে যে পাকিস্তান রয়েছে, তা বহু পুরোনো খবর। তবে এবার পাকিস্তানের একজন সাংবাদিক টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে স্বীকার করেছেন, ভারতে সন্ত্রাসবাদ সৃষ্টির নেপথ্যে রয়েছে পাকিস্তান।
দেশটির সাংবাদিক কাশিফ আব্বাসি সম্প্রতি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে বলেন, ভারতে শিখ এবং নাগা বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষণ দেয় পাকিস্তান এবং দেশটির অভ্যন্তরে ঝামেলা বাড়াতে তাদের ব্যবহার করা হয়।
গত ৭ জানুয়ারি পাকিস্তানভিত্তিক এআরওয়াই নিউজ চ্যানেলে সম্প্রচার ওই অনুষ্ঠানে কাশিফ আব্বাসি বলেন, ‘আপনি শিখ এবং নাগাল্যান্ডের দুর্বলতাগুলো ব্যবহার করেছেন এবং তাদের ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিয়েছেন।’
আরও পড়ুন : মুসলিম যুবকদের জঙ্গি না হওয়ার আবেদন আজমের শরিফ প্রধানের
বেলুচিস্তানে কয়লা খনিতে সম্প্রতি হত্যাকাণ্ডের ব্যাপারে আলোচনা সভার আয়োজন করেছিলেন কাশিফ আব্বাসি। ওই অনুষ্ঠানে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং সে দেশের বিরোধী দল পিএমএনএল নেতা মিফতাহ ইসমাইল উপস্থিত ছিলেন।
ফাওয়াদ চৌধুরী যখন বেলুচিস্তানে ভারতের হস্তক্ষেপের ব্যাপারে কথা বলতে শুরু করেন, তখন উপস্থাপক কাশিফ আব্বাসি এবং বিরোধী দলীয় মন্ত্রী তাকে থামিয়ে দেন। সেই সঙ্গে ফাওয়াদ চৌধুরীকে উপস্থাপক স্মরণ করিয়ে দেন যে, ইমরান খানের শাসনামলে ভারতে নানামুখী অপকর্ম হচ্ছে তাদের সমর্থনে।
ইমরান খানের প্রশাসনের মন্ত্রীকে মিফতাহ ইসমাইল জানান যে, নরেন্দ্র মোদি কিংবা ভারতকে দোষারোপের আগে ইমরান খানের মনে রাখা দরকার, কীভাবে তার শাসনকালে পাকিস্তান, ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে সে দেশকে অস্থিতিশীল করার জন্য।
কাশিফ আব্বাসি বলেছেন, ভারতের শিখ, নাগা বিচ্ছিন্নতাবাদী এবং নকশালদের সে দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য সব সময় বিভিন্ন রকম কৌশলে সহায়তা দিয়ে আসছে পাকিস্তানের আইএসআই। তবে বিষয়টি নিয়ে এখনো পাকিস্তান সরকারের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: আমাদের সময়
আর/০৮:১৪/১১ জানুয়ারি









