ফরিদপুর

একে একে ২৬ বিয়ে, ২৭তম করতে গিয়ে ধরা বাবু

সুমন ইসলাম

ফরিদপুর, ১৪ জানুয়ারি- ফরিদপুরের সদরপুর উপজেলার বাবু শেখের দু’টি নেশা। দামি মোবাইল ফোন চুরি করা আর বিয়ে করা। একে একে ২৭টি বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী বাবু। ২৭তম বিয়ের দিন ঠিক হয়েছিলো বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)। কিন্তু তার আগে ধরা পড়লেন পুলিশের হাতে।

তার সহযোগি আবুল খায়ের মাতুব্বর (৩২) কেও আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আটককৃত দুই যুবককে তিন দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে ভাঙ্গা ও সদরপুর থানা পুলিশের যৌথ অভিযানে প্রথমে উপজেলার জান্দী গ্রাম থেকে আবুল খায়ের ও পরে সদরপুর উপজেলার আকোটের চর গ্রাম থেকে বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ।

আটক আবুল খায়ের মাতুব্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জান্দী গ্রামের আবু বক্করের ছেলে ও বাবু শেখ সদরপুর উপজেলার আকোটেরচর গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে। তারা সম্পর্কে ভায়রা ভাই।

পুলিশ জানিয়েছে, গত ৩ জানুয়ারি ভাঙ্গা উপজেলায় পর পর কয়েকটি চুরির ঘটনায় মামলা হয়। মামলার সূত্র ধরে প্রথমে জান্দী গ্রাম থেকে আবুল খায়েরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পুলিশ চোরের সরদার বাবুকে (বাবু চোরা) গ্রেফতার করে।

বাবুর দেওয়া স্বীকারোক্তির বরাতে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আজাদ জানান, অসহায় ও দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে করাই ছিল চোরা বাবুর টার্গেট। তার দুইটি নেশা। প্রথমটি হল- দামি মোবাইল ফোন চুরি করা এবং দ্বিতীয়টি হল- নতুন নতুন বিয়ে করা। সে দামি মোবাইল ফোন চুরি করে আইইএমই নম্বর পরিবর্তন করে ফেলত। তারপর তা বিক্রি করতো। আর সেই চুরির টাকাতেই বিয়ে করে বেড়াতো।

উপ-পরিদর্শক মো. আজাদ আরো জানান, গ্রামের দরিদ্র পরিবারগুলোর অভাবের সুযোগ নিতো বাবু। পরিবারগুলোকে টাকার প্রলোভন দেখিয়ে মেয়েদের বিয়ে করত সে। বিয়ের সুবাদে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটিয়ে সে পালিয়ে অনত্র গাঁ ঢাকা দিতো।

তিনি আরো জানান, সম্প্রতি দিন-দুপুরে সর্বশেষ চুরির ঘটনা ছিল ভাঙ্গা উপজেলার ছিলাধরচর গ্রামের পৌরসভায় মিজানুরের বাড়িতে। সেখান থেকে একটি মোটরসাইকেল, কয়েকটি দামি মোবাইল, ল্যাপটপসহ বেশ কিছু মালামাল চুরি করে বাবু। এছাড়াও আরও বেশ কয়েকটি বড় চুরির ঘটনা সে ঘটায়। ঘটনার ১০ দিন পর বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভাঙ্গার জান্দি গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ের সঙ্গে বাবুর বিয়ের দিন ঠিক হয়। এর আগে সে ২৬টি বিয়ে করেছে।

আরও পড়ুন : আওয়ামী লীগের কমিটি থেকে নিজের ও স্ত্রী-সন্তানের নাম বাদ দিতে শামীম ওসমানের চিঠি

বাবুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। তিনি জানান, সে বিভিন্ন কৌশলে প্রতারণা করে এ পর্যন্ত ২৬ টি বিয়ে করেছে বলে জানিয়েছে।

বুধবার দুপুরে দুই যুবককে তিন দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে তাদের আটক করতে পারলেও মালামাল উদ্ধার করতে পারিনি। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান মো. আজাদ।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language