ক্রিকেট

চার নম্বর নিয়ে খুশি সাকিব: তামিম

ঢাকা, ১৯ জানুয়ারি – তারকাবিহীন আনকোরা-অনভিজ্ঞ ক্রিকেটারে গড়া ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে সিরিজে নিঃসন্দেহে ফেবারিট। সেটা মানছেন ক্যারিবীয় হেড কোচ এবং বিভিন্ন পরিচয়ে বাংলাদেশে আসা ফিল সিমন্সও।

কাজেই টিম বাংলাদেশে ভক্ত ও সমর্থকরাও প্রিয় জাতীয় দলের সাফল্যের আশায় উন্মুখ। ২০ জানুয়ারি, বুধবার শেরে বাংলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে, তাতে সব রকম হিসেব-নিকেশে এগিয়ে থেকেই মাঠে নামবে তামিম বাহিনী।

এ সিরিজে জিতবে টাইগাররা- এটা ধরেই নিয়েই টিভির পর্দায় খেলা দেখতে বসবেন বাংলাদেশ ভক্তরা। এ মুহূর্তে প্রিয় টিম বাংলাদেশের সাফল্য নিয়ে সংশয় নেই কারো। তবে সিরিজ শুরুর আগে হঠাৎ একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।

সেটা হলো, বিশ্বকাপের মত বড় আসরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত এবং পাকিস্তানের নামী ও বাঘা বাঘা বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ৬০৫ রান করা সাকিবকে তিন নম্বর থেকে ঠেলে নিচে চার নম্বরে নামিয়ে দেয়া হচ্ছে কেন?

হেড কোচ রাসেল ডোমিঙ্গো সোমবার ভার্চুয়াল প্রেস মিটে এর ব্যাখ্যা দিয়েছেন। এ দক্ষিণ আফ্রিকান কোচ পেশাদার মানসিকতার পরিচয় দিয়ে পরিষ্কার বলেছেন, ‘যেহেতু সাকিব এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে, তাই তাকে তিন নম্বর থেকে সরিয়ে চারে পাঠানোর সিদ্ধান্ত। এতে করে সাকিব একটু বেশি সময় নিয়ে নিজেকে তৈরি করে পরিবেশ-পরিস্থিতির সাথে থিতু হয়ে খেলতে পারবে।’

আরও পড়ুন : ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয় ভারতের

তারপরও সাকিব ভক্তরা নাখোশ। তাদের দাবি, সাকিবকে তার জায়গায় রাখা যেত কি না? তিনি জাত খেলোয়াড়। বড় পারফরমার। ঠিক সেখানে খেলে খেলেই নিজেকে ফিরে পেতেন।

এদিকে বন্ধু সাকিবের ব্যাটিং অর্ডারে রদবদল, তাকে তিন থেকে চারে নামানো নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক তামিম ইকবালও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর ঠিক ২৩ ঘণ্টা আগে টিম বাংলাদেশের অধিনায়ক জানিয়ে দিলেন, আর সবার মত তারা (বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট) খুব ভালই জানেন তিন নম্বরে সাকিব কতটা ভাল ব্যাটিং করেছে।

তামিম আরও জানান, ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে সাকিবের সাথে তার কথা হয়েছে এবং জাতীয় দলের অনুশীলন শুরুর পরপর তিনিও টিম ম্যানেজমেন্টের বার্তাই দিয়ে সাকিবকে চারে খেলার কথাই বলেছেন। সাকিবও সন্তুষ্টচিত্তেই সেটা গ্রহণ করেছেন।

একই সঙ্গে টাইগারদের ওয়ানডে অধিনায়ক সাকিবকে উজ্জীকিত রাখতে বলেছেন, সাকিব চাইলে আবার তিন নম্বর পজিশনে ফিরতেও পারেন।

মঙ্গলবার মধ্যাহ্নে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তামিম বলেন, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি, বার্তাটা তার (সাকিব) প্রতি খুব স্পষ্ট ছিল। আমি ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলেছি এবং এতে তার কোন সমস্যা নেই, সে বুঝেছে। এটা তাকে ব্রিদিং স্পেস দিবে। সে লম্বা সময় পর আসছে। আমরা সবাই জানি সে কত ভাল করেছে নাম্বার থ্রিতে। ওর রেকর্ড ওর হয়ে কথা বলবে। আমরা এটা নিয়ে অবগত আছি।’

অধিনায়ক তামিম বন্ধু সাকিবের সাথে ব্যক্তিগতভাবেও কথা বলেছেন। সেখানে সাকিব তাকে আশ্বস্ত করেছেন, ‘আমি চার নম্বরে ব্যাট করতে খুশি আছি।’

তামিমের শেষ কথা, ‘আমি সাকিবের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। ৪ নম্বরে ব্যাট করতে সে খুশি। আমি তাকে এটাও বলেছি যে সে যদি কখনো তিন নম্বরে ফিরে যেতে চায় তাহলে যেন আমার সাথে কথা বলে এবং সে এটা নিয়ে পুরোপুরি ঠিক আছে।’

সূত্র : জাগো নিউজ
এন এ/ ১৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language