দক্ষিণ এশিয়া

লাদাখে সেনা মুভমেন্টের জন্য ৮টি ব্রিজ তৈরি

নয়াদিল্লি, ১২ অক্টোবর- কৌশলী পা ফেলছে ভারত। খুব ধীরে হলেও প্রস্তুতি সারছে চিনা সেনার মোকাবিলার। লাদাখে সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে একের পর এক ব্রিজ। যাতে খুব কম সময়ে ট্রুপের মুভমেন্ট ঘটানো যায়। সোমবার ভার্চুয়ালি গোটা দেশে ছড়িয়ে থাকা ৪৪টি ব্রিজের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর মধ্যে ৮টি ব্রিজ তৈরি হয়েছে লাদাখে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এরকম ব্রিজ আগামী দুবছরে আরো বেশি সংখ্যায় তৈরির পরিকল্পনা রয়েছে। মোট ৪৫টি ব্রিজ লাদাখে তৈরি করা হবে বলে জানানো হয়েছে। সোমবার যে ব্রিজ গুলির উদ্বোধন হল, তা তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। সাতটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে তৈরি হয়েছে এগুলি।

এছাড়াও কার্গল ও লেহতে চারটি এমন এলাকায় ব্রিজ তৈরি করা হয়েছে, যা কৌশলগত ও অবস্থানগত দিক থেকে সেনা যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণরেখা ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে যাতে পৌঁছনো যায়, সেদিকে লক্ষ্য করে ব্রিজগুলি তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি, লাদাখ অঞ্চলে আরও ৪৫টি ব্রিজ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বিআরওরব্রিগেডিয়ার অরবিন্দর সিং সোধি।

শুধু সেনা মুভমেন্টই নয়, এলাকায় পর্যটন শিল্পের প্রসার সাধন ও জীবনযাত্রার মানোন্নয়নকেও লক্ষ্য রাখা হয়েছে বলে বিআরও জানিয়েছে। ৮টি ব্রিজ দ্রুত শেষ করা লক্ষ্য ছিল বলে জানিয়ে ব্রিগেডিয়ার সোধি বলেন এরপর থেকে লাদাখে কাজ করা কঠিন হয়ে পড়বে আবহাওয়ার জন্য। প্রবল শীত ও তুষারঝড়ে ব্রিজের কাজ সম্পূর্ণ করা যেত না। তাই দ্রুত গতিতে কাজ শেষ করাটা চ্যালেঞ্জ ছিল। প্রত্যেকটি ব্রিজই সেনার ভারি গাড়ি বহনে সক্ষম।

আরও পড়ুন: এবার ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি নিয়ে অনশনে বসলেন অযোধ্যার মহন্ত

আটটি ব্রিজের ৩টি তৈরি হয়েছে জোজিলা-কার্গল-লেহ রোডের ওপর। দুটি তৈরি হয়েছে খালসার-সাসোমা রোডের ওপর, একটি করে তৈরি হয়েছে সাংকো-কুনোরে-সাপিলা-মুলবেক রোড, নিম্মু-পদম-দরচা রোড ও দরবক-শায়ক-দৌলত বেগ ওল্ডি রোডের ওপর। প্রতিটি ব্রিজই ২৪ থেকে ৮০ মিটার লম্বা। মোট ৪৫ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই ৮টি ব্রিজ।

এদিকে, উচ্চপদস্থ সরকারি আধিকারিক সূত্রে খবর সীমান্তে রাস্তা তৈরির কাজে গতি আনা হয়েছে কারণ যে কোনও আপদকালীন পরিস্থিতিতে যাতে সময় নষ্ট না হয়, তাই যুদ্ধবিমান ওঠা নামা করার ব্যবস্থা রাখা হচ্ছে। ভারতীয় সেনা পশ্চিম ও উত্তর পূর্ব সীমান্ত বরাবর দুটি প্রতিবেশী দেশের তরফে প্রতিকূলতার মুখোমুখি হতে পারে। সেই কারণেই মূলত সীমান্ত সুরক্ষিত রাখার উদ্যোগে এই নতুন পদক্ষেপ। ভারত-চিন বর্ডার রোড প্রজেক্টের এই দ্বিতীয় পর্যায়ে ৩২টি রাস্তা নির্মাণ হওয়ার কথা।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/১২ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language