জাতীয়

শেখ হাসিনার উন্নয়ন ও অর্জন চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জয়: ওবায়দুল কাদের

ঢাকা, ২৮ জানুয়ারি – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়।’ তিনি আরো বলেন, ‘বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন।

ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অতীতের মতো এবার তারা মাঝপথ থেকে সরে যায়নি।’

এ ছাড়া সেতুমন্ত্রী বিজয়ী মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ভোটে বিএনপির প্রতিপক্ষ এখন আ.লীগ নয়, পুলিশ ও নির্বাচন কমিশন : মির্জা ফখরুল

অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন।

সড়কে শৃঙ্খলা আনার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনলে যতই উন্নয়ন করা হোক, কোনো লাভ হবে না। সড়কে জরুরিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক নির্মাণে কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না। টেকসই, মানসম্মত কাজ করতে হবে।’

লক্ষ্মীপুরের প্রায় সব সড়ককে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের আরো জানান, কুমিল্লা-লাকসাম-চৌমুহনী চার লেন, ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়ক চার লেনের কাজ চলমান রয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের মহাযজ্ঞ চলছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি আরো বলেন, ‘নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে বাংলাদেশ সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, ‘দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ যারা করবে, তাদের দল থেকে বের করে দেওয়া হবে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘একটা খারাপ কাজের জন্য ১০টা উন্নয়নকাজ ম্লান হয়ে যায়। কাজেই কাওকে ছাড় দেওয়া যাবে না। যেই অপরাধ করবে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি শেখ হাসিনাকে অনুসরণ করে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।’ সততার পতাকা হাতে নিয়ে সততার সুনামে ফিরে আসার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

মনোনয়নের জন্য দলের ক্ষতি না করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী আরো বলেন, ‘দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।’

সূত্র : এনটিভি
এন এইচ, ২৮ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language