গাজীপুর

গাজীপুরে পৌঁছেছে ১ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন

গাজীপুর, ০৪ ফেব্রুয়ারি – গাজীপুরে ১৮ হাজার ভায়ালে এক লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। কড়া নিরাপত্তায় জেলা ইপিআই স্টোরে নির্ধারিত তাপমাত্রায় ডোজ রাখা হয়েছে। নির্দেশনা পাওয়ার পরই শুরু হবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ফ্রিজারভ্যানে করে এসব ভ্যাকসিন গাজীপুরে পৌঁছেছে। গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : গাজীপুরে ৫০ হাজার জাল টাকাসহ আটক ১

সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, এসব ভ্যাকসিনের মধ্যে প্রায় ৫৭ হাজার গাজীপুর মহানগরে এবং বাকিগুলো গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ১৮ বছরের অধিক বয়সী সকলকে এ ভ্যাকসিন প্রদান করা হবে। প্রাথমিকভাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কেন্দ্রে ওই ভ্যাকসিন প্রদান করা হবে। তবে ওই কার্যক্রম শুরু করতে এখন আমরা সংশ্লিষ্ট বিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছি। ইতোমধ্যে টিকা নেওয়ার জন্য মানুষ অনলাইনে নিবন্ধন শুরু করছেন।

তিনি আরও জানান, ওই ভ্যাকসিনের মধ্যে গাজীপুর সদরের জন্য ৬৫ হাজার, কালীগঞ্জ উপজেলার জন্য ৯ হাজার, কাপাসিয়া উপজেলার জন্য ১২ হাজার, কালিয়াকৈর উপজেলার জন্য ১৭ হাজার এবং শ্রীপুর উপজেলার জন্য প্রায় ১৭ হাজার ডোজ বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language