আইন-আদালত

ময়মনসিংহের ৯ মানবতাবিরোধীর রায় আজ

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খলিলুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। সকাল সাড়ে ১০টার দিকে এই রায় ঘোষণা করা হতে পারে।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন।

উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গেল বছরের ২৬ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। কিন্তু করোনার কারণে গত বছর যুদ্ধাপরাধের মামলার কোনও রায় দিতে পারেননি ট্রাইব্যুনাল।

আরও পড়ুন : সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফেরতের রিটের আদেশ আজ

এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন- প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, সাহিদুর রহমান, জাহিদ ইমাম, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস শুকুর খান ও আবদুস সাত্তার পালোয়ান।

এ বিষয়ে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের জানান, এ মামলায় ১১ জন আসামি ছিলেন। বিচার চলাকালীন দুজন মারা যান। ২০১৮ সালের ৪ মার্চ অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জড়িত থাকার চারটি অভিযোগে ময়মনসিংহের ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন ট্রাইব্যুনাল।

এদের মধ্যে গ্রেপ্তার আছেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের মো. খলিলুর রহমান মীর (৬২), একই গ্রামের মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম (৬৫), একই গ্রামের মো. আব্দুল্লাহ (৬২), মো. রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী (৭৪)। এছাড়া আসামি আব্দুল লতিফ স্বেচ্ছায় ট্রাইব্যুনালে হাজির হন। তারা কারাগারে রয়েছেন।

এখন পর্যন্ত পলাতক রয়েছেন- এএফএম ফায়জুল্লাহ, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, সিরাজুল ইসলাম ও মো. আলীম উদ্দিন খান।

আসামিদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে চারজনকে হত্যা, ৯ জনকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ।

সূত্র : আরটিভি
এন এইচ, ১১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language