পঞ্চম দিনে টিকা নিলেন দুই লাখেরও বেশি মানুষ, পার্শ্বপ্রতিক্রিয়া ৮৬ জনের

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – দেশে গণহারে চলমান টিকাদান কর্মসূচির পঞ্চম দিন হিসেবে বৃহস্পতিবার টিকা গ্রহণ করেছেন দুই লাখেরও বেশি মানুষ। যারা টিকা গ্রহণ করেছেন এদের মধ্যে ৮৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন : অনিয়ম-দুর্নীতির কারণে প্রতিবন্ধীদের কাছে বরাদ্দ পৌঁছায় না
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীসহ সারা দেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য কেন্দ্রে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সর্বমোট দুই লাখ চার হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২ জন পুরুষ ও ৬৪ হাজার ৩৮৮ জন নারী রয়েছেন। এছাড়া ৮৬ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সর্বমোট টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। বৃহস্পতিবারে টিকা গ্রহণকারীর মধ্যে ঢাকা বিভাগে ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন টিকা নেন। এছাড়া, রাজশাহীতে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে নয় হাজার ৩৯৭ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৭৩৯ জন টিকা নেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
এন এ/ ১১ ফেব্রুয়ারি









