বাগেরহাট

অনিয়মের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন

বাগেরহাট, ১৪ ফেব্রুয়ারি – বাগেরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাগেরহাট প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় তার সাথে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এসময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি। এজেন্টদের গতকাল থেকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। যে সকল এজেন্ট ভোট কেন্দ্রে গিয়েছিল। সেই সব এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

আরও পড়ুন : মোংলায় সুন্দরবন দিবস উদযাপন

অপরদিকে আওয়ামী লীগ প্রার্থীর প্রধান সমন্বয়কারী নকীব নজিবুল হক নজু বলেন, আওয়ামী লীগ কোনও প্রকার অনিয়ম করেনি। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। ভোটার না পেয়ে তারা কাল্পনিক অভিযোগ তুলে ভোট বর্জনের নাটক করছে।

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে এই পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ও বড় লাইন লক্ষ্য করা গেছে। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আ. ন ম ফয়জুল হক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫টি কেন্দ্রের প্রতিটিতে ৭ জন পুলিশ, ৯ জন আনসারসহ দুই প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি মোবাইল টিম, পুলিশের ১৫টি মোবাইল টিম, দুটি স্ট্রাইকিং ফোর্স, ৯ জন নির্বাহী ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।

উল্লেখ্য, বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language