বাংলাদেশে ইফাদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান অর্থমন্ত্রীর

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বাংলাদেশে ইফাদের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন সংশ্লিষ্ট প্রকল্পগুলোয় ইফাদের অনুদান সহায়তা তথা সহজ শর্তে ঋণ প্রদানসহ অন্যান্য উন্নয়ন সহযোগী তহবিল থেকে বাংলাদেশে অর্থায়নের জন্য ইফাদকে অনুরোধ জানান।
আরও পড়ুন : টিকা নিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুংবোর সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অর্থমন্ত্রী এই আহ্বান জানান। প্রসঙ্গত, আজ এবং আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ৪৪তম গভর্নিং কাউন্সিল ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। প্রতিবছর গভর্নিং কাউন্সিলের সভা ইতালির রোমে ইফাদের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এবারই কভিড-১৯ মহামারির কারণে প্রথম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ সরকারের আট সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সমন্বয় ও নরডিক অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং ইকোনমিক কাউন্সেলর অংশগ্রহণ করেন।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৭ ফেব্রুয়ারি









