মেসিকে পিএসজিতেই দেখছেন রিভালদো

রিভালদোর ধারনা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে কাম্প নউয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি! সাবেক এই বার্সেলোনা তারকা নিশ্চিত, আগামী মৌসুমে ফরাসি ক্লাব পিএসজিতে দেখা যাবে মেসিকে।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলার প্রথম লেগে ঘরের মাঠে গত মঙ্গলবার পিএসজির কাছে মেসির দল ৪-১ গোল বিধ্বস্ত হওয়ার পর এই মন্তব্য করলেন রিভালদো।
চলতি মৌসুম দিয়েই শেষ হচ্ছে বার্সেলোনায় মেসির চুক্তি। গত মৌসুম শেষে কাতালান দলটি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
আরও পড়ুন : সালাহ-মানের নৈপুণ্যে কোয়ার্টারের পথে লিভারপুল
এরপর তার পিএসজিতে যোগ দেওয়া নিয়ে গণমাধ্যমে অনেক বারই খবর বেরিয়েছে। ক্লাবটির কয়েকজন খেলোয়াড়, এমনকি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও মেসিকে দলে টানার ইচ্ছা প্রকাশ করেন।
বিভিন্ন সময় মেসির সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলেছেন রিভালদোও। সম্প্রতি বেটফেয়ারে তার কলামে আবারও উঠে আসে একই প্রসঙ্গ।
সবসময় মেসির একার পক্ষে বার্সেলোনাকে টানা অসম্ভব বলে মনে করেন রিভালদো। মেসির দলবদল করতে চাওয়ার সম্ভাব্য কারণও ব্যাখ্যা করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা। বলেন, পিএসজির বিপক্ষে বিশাল এই হার প্রায় নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগে কাম্প নউয়ে বার্সেলোনার হয়ে মেসির শেষ ম্যাচ। বড় ট্রফির জন্য লড়াইয়ের সত্যিকারের সুযোগ মেসিকে দিতে পারছে না বার্সেলোনা। তার ভবিষ্যত পিএসজিতে, বিশেষ করে কাম্প নাউয়ের ম্যাচের পর। তারা এমন এক দল, যারা মেসিকে নিয়মিত ট্রফি জয়ের সুযোগ করে দিতে পারে। ৩০ পেরিয়েও মেসি ভালো ফর্মে রয়েছে এবং এখনও সে দলের ভার বহন করছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি









