সাতক্ষীরা

সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা, ১৯ ফেব্রুয়ারি – প্রতাপনগরের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ বর্ষার আগে সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মেহেদী আলী সুজয়, দপ্তর সম্পাদক এম.বেলাল হোসাইন, শিক্ষা গবেষণা সম্পাদক জাহিদা জাহান মৌ, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ডা. শফিকুল ইসলাম, প্রতাপনগরের বাসিন্দা মিয়ারাজ হোসাইন প্রমুখ।

আরও পড়ুন : খুলনায় ঘর পাচ্ছেন আরও ১ হাজার ৩৫১ গৃহহীন

বক্তারা বলেন, গত বছরের ২৫ মে আম্ফানের আঘাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরসহ এলাকার ভেড়িবাঁধ ভেঙে প্লাবিত হাজার হাজার বাড়ি ঘর। নয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রতাপনগরের মানুষ তাদের বসত ভিটায় ফিরতে পারেনি। এখনো জোয়ার ভাটা ওঠা নামা করে। অবর্ণীয় দুঃখ কষ্টে জীবন যাপন করছে সেখানকার মানুষ। অথচ জনপ্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেই।

বক্তারা অভিযোগ করেন, প্রকৃতপক্ষে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের গাফিলতির কারণেই দীর্ঘ নয় মাসের সংস্কার হয়নি প্রতাপনগরের ভেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা প্রতি মাসে লাখ লাখ টাকা বেতন উত্তোলন করেন। অথচ মানুষ পানি ডুবে মরলেও ভেড়িবাঁধ নির্মাণের জন্য কোনো তোড়জোড় নেই। তারা বেতন নেন আর এসিরুমে আরামে থাকেন।

মানুষ বাঁচলো কি মরলো সেটি নিয়ে ভাববার সময় নেই কর্মকর্তাদের। এই ভাঙনে তিনজন শ্রমিক নিখোঁজ হয়। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হলেও বাকি দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্ষার আগেই প্রতাপনগরের বাঁধ নির্মাণ না হলে বৃহত্তর কর্মসূচি নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language