শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হচ্ছে বুলিং ও র‌্যাগিং

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং বন্ধে ‘শিক্ষা আইন-২০১’ এর চূড়ান্ত খসড়া করা হয়েছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান স্ব স্ব নীতিমালা বা নির্দেশিকা জারি করবে। আর মাধ্যমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের নীতিমালা বা নির্দেশিকা জারি করবে।

গত মঙ্গলবার (১৬ ফ্রেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে আইনের খসড়া চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আইনের মাধ্যমে পরিচালিত হয়। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো বুলিং ও র‌্যাগিং বন্ধে নিজেরা ব্যবস্থা নেবে। প্রয়োজনে তারা বিধিমালা বা নির্দেশিকা জারি করবে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নীতিমালা বা নির্দেশিকা জারি করে বুলিং ও র‌্যাগিং বন্ধ নিশ্চিত করতে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

আরও পড়ুন : করোনাকালে রেমিট্যান্স প্রবাহে শীর্ষ তিনে বাংলাদেশ

চূড়ান্ত খসড়ায় নিগ্রহ (বুলিংও র‌্যাগিং) এর সংজ্ঞায় বলা হয়, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীকে উন্মুক্ত শিক্ষাঙ্গনে, ছাত্রবাবাস/ছাত্রীনিবাসের আবাসিক কোনও শিক্ষার্থীকে একই ছাত্রবাবাস/ছাত্রীনিবাসের শিক্ষার্থী শক্তি প্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আঘাত করা, মানসিক বা শারীরিক নির্যাতন করা বা যন্ত্রণা দেওয়া, লাঞ্ছিত করা, অথবা এমন অশোভন বা অশালীন আচরণ করতে বাধ্য করা বা চেষ্টা করা, যা ওই শিক্ষার্থী অপর শিক্ষার্থী কর্তৃক শক্তি প্রয়োগ বা ভয়-ভীতি প্রদর্শন করা না হলে স্বেচ্ছায় করতেন না।

বুলিং ও র‌্যাগিং বন্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আইনের খসড়ায় বলা হয়, শিক্ষার্থীর মাধ্যমে যেকোনও ধরনের নিগ্রহ (বুলিং/র‌্যাগিং) প্রতিরোধে সকল শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিগ্রহ (বুলিং/র‌্যাগিং) প্রতিরোধে সরকার সময় সময় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনুসরণের জন্য নীতিমালা বা নির্দেশিকা করতে পারবে।

আগের খসড়া নীতিমালায় বলা হয়েছিল— মাধ্যমিক, স্নাতক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসিক ছাত্রাবাস/ছাত্রীনিবাসে অবস্থানকারী কোনও শিক্ষার্থী যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীরার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহের (বুলিং ও র‌্যাগিং) শিকার না হয়, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও কর্তৃপক্ষ তা নিশ্চিত করবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, আবাসিক ছাত্রাবাসের দায়িত্বে নিয়োজিত শিক্ষক, প্রাধ্যক্ষ বিষয়টি নিয়মিত পরীবিক্ষণ করবেন। নিগ্রহের কোনও ঘটনা ঘটলে নিগ্রহের শিকার শিক্ষার্থী অচিরেই ঘটনা সংশ্লিষ্ট শিক্ষক ও প্রাধ্যক্ষকে অবহিত করবেন, এর অবহিত পরই সংশ্লিষ্ট শিক্ষক বা প্রাধ্যক্ষ বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাধ্যক্ষ সমীচিন মনে করলে নিগ্রহ প্রদানকারী শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করে সহায়তা চাইবেন।

সূত্র: আরটিভি
এন এ/ ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language