ঢালিউড

সব বয়সের মানুষের বন্ধু হয়ে যেতেন তিনি: রেদওয়ান রনি

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব-চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এটিএম শামসুজ্জামান।

বর্ষীয়ান এই অভিনেতার বিদায়ে স্মৃতির ঢালি থেকে কিছু কথা শেয়ার করেন রেদওয়ান রনি। তিনি ফেসবুকে লেখেন, চলে গেলেন এ টি এম শামসুজ্জামান আংকেল। আমার প্রথম পরিচালিত চলচ্চিত্র চোরাবালির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। কত কথা মনে পড়ছে আজ! গাজীপুরের এক বাগান বাড়ীতে চোরাবালির সেটে ঢুকেই আমাকে ধমকাধমকি শুরু করলেন!

আরও পড়ুন : এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন

সেটাই তার সাথে আমার সম্পর্কের শুরু, বলতে পারি বন্ধুত্বের শুরু! ডাবিংয়ে এসে ফুটেজ দেখে হাত ধরে আমাকে কত যে আবেগঘন কথা বললেন! যেদিন সিনেপ্লেক্সে প্রথম পুরো ছবিটা দেখেন তারপর থেকে আমাদের বন্ধুত্ব গাঢ় হয়ে যায় ! মাঝে মধ্যেই আড্ডা হত, তর্ক হত, হত হাসাহাসি।

মনেই হত না তারসাথে আমার বয়সের পার্থক্য আকাশ পাতাল। সব বয়সের মানুষের বন্ধু হয়ে যেতেন। পরবর্তীতে আমার আইসক্রিম ছবিতেও অভিনয় করলেন। কত কিছু শিখেছি তার কাছে। একটা কথা এখনো খুব কানে বাজে “পঁচা শামুকে পা কাটার মত দু:খ আর নাই” কত কিছু লিখতে ইচ্ছে করছে কত কথা কত স্মৃতি! ওপারে ভালো থাকবেন বন্ধু শ্রদ্ধাভাজন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এরপর সেই বাসাতেই শনিবার সকাল ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এন এইচ, ২০ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language