গাজীপুরে পরিত্যক্ত ৫টি মর্টারশেল উদ্ধার

গাজীপুর, ২১ ফেব্রুয়ারি – মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ৫টি অকেজো মর্টারশেল ও কিছু গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার শরিফপুর এলাকার একটি সবজি ক্ষেত খনেনর সময় এগুলো উদ্ধার হয়। মর্টারশেল ও গুলির খোসা গুলো মরিচা পড়া।
গাছা থানার এসআই সাফায়েত ওসমান জানান, শরিফপুর এলাকার সানাউল্লাহ মন্ডলের সবজি ক্ষেতে পানি রাখার জন্য গর্ত করার সময় শ্রমিকরা মাটির নিচে ৫টি মর্টার শেল ও ১৬টি গুলির খোসা পান। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মর্টারশেল ও গুলির খোসা গুলো জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মর্টারশেল ও গুলির খোসা গুলো মুক্তিযুদ্ধের সময়ের।
আরও পড়ুন : গাজীপুরে ৪০২ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী জানান, মুক্তিযুদ্ধের সময় জয়দেবপুর সেনানিবাস, সমরাস্ত্র কারখানা এবং অর্ডিন্যান্স ডিপো এবং উত্তর রণাঙ্গন অর্থাৎ ময়মনসিংহ-জামালপুর-টাঙ্গাইল থেকে পিছু হটা পাকিস্তানী বাহিনী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঢাকা ফেরার পথে ১৫ ডিসেম্বর ছয়দানা এলাকায় মুক্তিবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ হয়।
এসময় ছয়দানা, শরিফপুরসহ আশপাশ এলাকায় মহাসড়কের দু’পাশে ট্রেঞ্চ করে অবস্থান নেয় মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর আক্রমণে সেদিন ধ্বংস হয় ট্যাংক, কামান, মর্টার, যানবাহন ও গোলাবারুদ। হতাহত হয় অসংখ্য পাকিস্তানী সেনা। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার কাছে এটাই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সবচেয়ে বড় বিপর্যয়।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২১ ফেব্রুয়ারি









