মাগুরা

রাতের অন্ধকারে শহিদ মিনার ভেঙেছে দুবৃর্ত্তরা

মাগুরা, ২২ ফেব্রুয়ারি – মহান একুশের রাতেই মাগুরায় অজ্ঞাত দুর্বৃত্তরা বজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয়ের শহিদ মিনারটি রাতের অন্ধকারে ভেঙে ফেলেছে।

রোববার সকালে শিক্ষক-শিক্ষার্থীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কলেজে গিয়ে মিনারটি ভাঙা পড়ে থাকতে দেখে।

মাগুরা শহর থেকে ৫ কিলোমিটার দূরে সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয়। ২০০২ সালে প্রতিষ্ঠিত নন এমপিওভুক্ত কলেজটিতে প্রথম দিকে একুশে ফেব্রুয়ারির দিনে অস্থায়ী শহিদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হতো। কিন্তু তিন বছর আগে তিনটি স্তম্ভবিশিষ্ট একটি শহিদ মিনার নির্মিত হয়।

আরও পড়ুন : অবৈধভাবে সীমান্ত পারের সময় ভারতীয় নাগরিকসহ আটক ২০

কলেজ অধ্যক্ষ পল্লব কুমার দে জানান, ভাষা শহীদদের শ্রদ্ধা জানার উদ্দেশ্যে শনিবার বিকালে শহিদ মিনার এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হয়। গ্রামের কলেজ হওয়ায় এখানে প্রতি বছর একুশের প্রথম প্রহরের পরিবর্তে সকালে শহীদ মিনারে ফুল দেয়া হয়। যথারীতি সকালে ফুল দেওয়ার জন্যে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে গেলে শহীদ মিনারের তিনটি স্তম্ভই ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি মাগুরা পুলিশ প্রশাসনকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিনসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর থানার ওসি জয়নাল আবেদিন বলেন, কলেজ অধ্যক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শহিদ মিনারটি ভাঙা পড়ে থাকতে দেখি। তবে এটি কখন কীভাবে ভেঙেছে কিংবা এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language