দক্ষিণ এশিয়া

পাঞ্জাবের নিরাপত্তা ঝুঁকি প্রতিবেশী প্রদেশ থেকে বেশি: মরিয়ম নওয়াজ

মরিয়ম নওয়াজ

লাহোর, ৬ সেপ্টেম্বর – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন যে প্রতিবেশী দেশগুলোর চেয়ে নিজ দেশের অন্যান্য প্রদেশের সীমান্ত দিয়েই পাঞ্জাব বেশি নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। লাহোরে আয়োজিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মরিয়ম নওয়াজ বলেন যে প্রাদেশিক সীমানা দিয়েই পাঞ্জাবে সন্ত্রাসবাদ প্রবেশ করছে। ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে দাবি করে তিনি জানান যে বর্তমানে সংগঠিত অপরাধ ও ধর্মীয় অসহিষ্ণুতা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি খাতে বিশাল বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন যে এখন বুলেটপ্রুফ ক্যামেরা, থার্মাল ক্যামেরা ও ড্রোন মোতায়েন করা হয়েছে। আগে চেকপোস্টে হামলায় হতাহতের সংখ্যা অনেক বেশি থাকলেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে তা এখন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

তিনি আরও জানান যে সিন্ধু সরকার ও সামরিক বাহিনীর সহায়তায় কাচ্চা এলাকায় সন্ত্রাস ও অপহরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সেখানে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে মরিয়ম নওয়াজের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ।

দলটির তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেন যে সন্ত্রাসবাদ একটি জাতীয় সমস্যা এবং একে সংকীর্ণ প্রাদেশিক রাজনীতির মোড়কে দেখা অনুচিত। তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভাজন দূর করে দেশের সব নাগরিককে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬

Back to top button