এশিয়া

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর ফের গুলি ছুড়লো পুলিশ

নেপিডো, ০২ মার্চ – মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কালেতে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার শহরটিতে প্রতিবাদকারীরা পুলিশের দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মারার পর পুলিশ গুলি চালায়। এ সময় চারজন আহত হওয়ার পাশাপাশি পুলিশের রাবার বুলেটে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষক রয়াটার্সকে বলেন, ‘তারা এমন ভাব করছে যেন যুদ্ধক্ষেত্রে আছে। আমি অত্যন্ত ক্রুদ্ধ হওয়ার পাশাপাশি দুঃখবোধও করছি।’ এ বিষয়ে মন্তব্যের জন্য ওই এলাকার হাসপাতাল ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে রয়টার্স জানিয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্ররাও টেলিফোন কলের উত্তর দেননি।

আরও পড়ুন : মিয়ানমারে সংবাদ প্রচার করায় ১০ সাংবাদিক আটক

এদিন দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গনের বিভিন্ন অংশে কয়েকশত প্রতিবাদকারী ব্যারিকেডের পেছনে অবস্থান নিয়ে সামরিক শাসন বিরোধী শ্লোগান দেয়। তাদের অনেকের মাথায় শক্ত টুপি ও হাতে নিজেদের বানানো ঢাল ছিল। বিক্ষোভকারীরা জানান, তাদের ওপর নির্যাতন করা হলে বিস্ফোরণ ঘটবে। আঘাত করা হলে পাল্টা আঘাত করা হবে।

গত নভেম্বরের সাধারণ নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বড় জয় পেলেও তার স্বীকৃতি না দিয়ে সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনী অং সান সু চি ও এনএলডির অধিকাংশ নেতাকে গ্রেপ্তার করে কারবন্দি করে রাখে। এরপর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভ দানা বাঁধতে থাকে মিয়ানমারে। বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২১ জন নিহতের খবর পাওয়া গেছে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language