বগুড়া

ধর্ষণ মামলায় তুফান সরকারের জামিন আদেশ বাতিল

বগুড়া, ০৭ মার্চ – আলোচিত ছাত্রী ধর্ষণ মামলার আসামি ও বগুড়া শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকারের জামিন বাতিল করেছে আদালত। রোববার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ কে এম ফজলুল হক এ আদেশ দেন।

এর আগে গত ১৭ জানুয়ারি একই আদালত তুফান সরকারের জামিন আবেদন মঞ্জুর করেছিলেন।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নরেশ মুখার্জি বলেন, মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় বিচার চলা দুটি মামলার মধ্যে রোববার ধর্ষণ মামলার শুনানির তারিখ ধার্য ছিল। এদিন মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু তুফান সরকার দুদকের একটি মামলায় বর্তমানে বগুড়া জেলা কারাগারে। আদালতে তুফান সরকারকে হাজির করতে ব্যর্থ হওয়ায় জামিন আদেশ বাতিল করেন বিচারক।

আরও পড়ুন : নওগাঁয় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০ জন গ্রেপ্তার

এ ছাড়া তুফানের সহযোগী আতিকুর রহমান ওরফে আতিক আদালতে অনুপস্থিত থাকায় তাঁর জামিনও বাতিল করা হয়।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে ২০১৭ সালের ১৯ জুলাই বাসায় ডেকে এনে ওই ছাত্রীকে ধর্ষণ করে তুফান সরকার। ঘটনার জেরে ২৮ জুলাই তুফানের স্ত্রী তাছমিন রহমান এবং তার বড় বোন ও সাবেক পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান মেয়েটি এবং তার মাকে বাড়িতে নিয়ে নির্যাতনের পর মা-মেয়ের মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। ওই বছরের ২৯ জুলাই মেয়েটির মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তুফান সরকারসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

এ ছাড়া নির্যাতন ও মাথার চুল ন্যাড়া করে দেওয়ার ঘটনায় তুফান সরকারসহ ১০ আসামির বিরুদ্ধে আলাদা ধারায় আরেকটি মামলা করা হয়।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language