শিক্ষা

যেভাবে ফেরত পাবেন এইচএসসির ফরম পূরণের টাকা

ঢাকা, ০৯ মার্চ – করোনা মহামারির কারণে বাতিল হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের জন্য নেওয়া ফি ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। এর আগে ৩১ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। পরীক্ষার ফরম পূরণ বাবদ জমাকৃত অর্থের কিছু অংশ ফেরত দেবে ঢাকা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (৯ মার্চ) থেকে এসব অর্থের চেক শিক্ষা বোর্ডের হিসাব শাখা (১নং ভবনের ৩ তলা, কক্ষ নং-২০৮) থেকে বিতরণ করা হবে। তবে কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে চেক নেয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। সোমবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনার সংক্রমণের কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। এর পরিবর্তে অটোপাস দেওয়া হয়। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা ফরম পূরণের টাকা ফেরতের দাবি করেন। পরে পরীক্ষা কার্যক্রমের জন্য নেওয়া টাকার মধ্যে যেসব খাতে খরচ হয়নি, তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এইচএসসির ফি বাবদ শিক্ষার্থীরা দুই থেকে আড়াই হাজার টাকা দেন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ টাকা সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ বাবদ জমাকৃত অর্থের চেক নিম্নে উল্লেখিত তারিখ অনুযায়ী হিসাব শাখা (১নং ভবনের ৩ তলা, কক্ষ নং-২০৮) থেকে বিতরণ করা হবে।

আরও পড়ুন : রাজধানীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ আটক ২

শুধুমাত্র সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোন শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের উক্ত চেক অফিস চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে। আরো বলা হয়েছে, কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে চেক নেয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতি/জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। চেক গ্রহণের পর তাতে কোন প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সাত কর্ম দিবসের মধ্যে হিসাব শাখা থেকে সংশােধন করে নিতে হবে।

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের চেক গ্রহণের তারিখ- ৯ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা। ১০ মার্চ ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাংগাইল ও কিশােরগঞ্জ জেলা। এছাড়া ১৯ মার্চ ঢাকা মহানগরে দেওয়া হবে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ০৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language