চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগার থেকে নিখোঁজ হাজতি নরসিংদীতে গ্রেপ্তার

নরসিংদী, ০৯ মার্চ – চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হওয়া হাজতি ফরহাদ হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নরসিংদী জেলা থেকে চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশ-সিএমপির কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি রুবেলকে নরসিংদী জেলার রায়পুর থানার বাল্লা কান্দি চর এলাকা থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশের একটি দল।

রুবেলকে নিয়ে সিএমপির কোতোয়ালী থানা পুলিশের দলটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : পুলিশ কর্মকর্তার স্ত্রী গোলজারের যত সম্পদ

উল্লেখ্য, গত রবিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজের ঘটনায় জেলার মো. রফিকুল ইসলাম ও ডেপুটি জেলার মোহাম্মদ আবু সাদতকে প্রত্যাহার করা হয়।

এছাড়া মো. নাজিম উদ্দিন ও মো. ইউনুস নামে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি কামাল হায়দার নামে এক কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

এর আগে গত শনিবার সকালে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর রাতেই মামলা করেন কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।

হাজতি রুবেল কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলার ১৫নম্বর ওয়ার্ডে ছিলেন এবং শনিবার ভোর সোয়া ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি ওয়ার্ড থেকে বের হয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রুবেল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভান্ডারীর ছেলে। সে নগরীর সদরঘাট থানায় একটি হত্যা মামলার আসামি। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সূত্র: দেশ রূপান্তর
এন এ/ ০৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language