শিক্ষা

৭ কলেজের বর্ধিত ফি বাতিলের দাবি

ঢাকা, ০৯ মার্চ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত রাজধানীর সাত সরকারি কলেজের সব ধরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে কলেজগুলোর শিক্ষার্থীরা। করোনাকালে অনলাইন ক্লাস বা অ্যাসাইনমেন্টের জন্য ননকলেজিয়েট ফি এবং ইম্প্রুভমেন্টের ফিসহ সকল ধরনের বর্ধিত ফি বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে তারা।

মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-৭ কলেজ শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন : যেভাবে ফেরত পাবেন এইচএসসির ফরম পূরণের টাকা

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আজকের মানববন্ধন থেকে আমরা সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি অবৈধ ঘোষণা করছি। এই অবৈধ টাকা নেয়ার কোনো অধিকার সাত কলেজ প্রশাসনের নেই। তাই আমরা অবিলম্বে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এ সরকারের কাছ থেকে আমাদের তেমন কিছু পাওয়ার নেই। কিন্তু আমরা বলতে চাই, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। সাত কলেজের শিক্ষার্থীদের যে অধিকার তা আপনারা পূরণ করুন।’

সংগঠনটির তিতুমীর কলেজ শাখার সদস্য সচিব আনারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ছাত্র ফ্রন্টের ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ুই ও সাধারণ সম্পাদক অনিক কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।

সূত্র : সময়টিভি
এন এইচ, ০৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language