মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, আহত ৪

ঢাকা, ১০ মার্চ – রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ মার্চ) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে ভাব বিরাজ করছিল।
আহতরা হলেন, মোহাম্মদ জাবেদ (৩০) মোহাম্মদ শওকত হোসেন (২৫) রাজ (৩০) ও মোহাম্মদ সাঈদ (৩৫)।
আরও পড়ুন : চালকের নির্দেশে বাকপ্রতিবন্ধী নারীকে ছুড়ে ফেলেন হেলপার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহত চারজন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়।
আহত মিনু কসাই জানান, স্থানীয় গোলামের নেতৃত্বে, আরমান, রহমান, আব্দুস সাত্তার, রাজু, সুমণ, সহ ২০ থেকে ২৫ জন তাদের উপরে হামলা চালায়। গোলামসহ তাদের লোকজন বেশ কিছুদিন ধরে তাদের দোকানে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে দোকানের উপর হামলা, ভাঙচুর করে এবং কুপিয়ে আহত করে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ মার্চ









