আইন-আদালত

নুরের বিরুদ্ধে আইসিটি মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

ঢাকা, ১৫ অক্টোবর- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে ভুক্তভোগী শিক্ষার্থী ও মামলার বাদীকে নিয়ে ‘অশালীন মন্তব্য’ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন গ্রহণ করে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন।

আরও পড়ুন: ৩০ দিনের মধ্যে বাবরের মামলা নিষ্পত্তির নির্দেশ

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। পরে চরিত্রহননের অভিযোগ এনে ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ঢাবি শিক্ষার্থী ফাতেমা।

নুরের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নারী অধিকার কর্মীরা। আর আইনজীবীরা বলছেন, এভাবে কারো সম্পর্কে মন্তব্য করা অপরাধ। তবে নুর বলছেন, রাজনৈতিক উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছে।

এর আগে, নুরসহ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতার বিরুদ্ধে তিনটি মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language