জাতীয়

বিএনপি নেতারা চোখ থাকতে অন্ধ ও কান থাকতে বধির : তথ্যমন্ত্রী

জয়পুরহাট, ১০ মার্চ – আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন সারা বিশ্ব দেখে প্রশংসা করছে। কিন্তু বিএনপির নেতারা এসব উন্নয়ন দেখেও দেখে না। তাই তারা চোখ থাকতে অন্ধ ও কান থাকতে বধির।

বুধবার বিকেলে জয়পুরহাটের কালাই মহিলা সরকারি কলেজ মাঠে কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা (বিএনপি) মনে করে যে আওয়ামী লীগ ১২ বছরে ১২ ফিট দেবে গেছে। কিন্তু না, উন্নয়নে বাংলাদেশ এমনভাবে এগিয়ে গেছে যে যার প্রশংসা করলে শেষ হবে না। আকাশপথে গেলে বাংলাদেশে কোনো কুড়েঘর দেখা যায় না। দেশের প্রতিটি গ্রামও আজ শহরে পরিণত হচ্ছে। বাংলাদেশের এসব উন্নয়ন দেখে পাকিস্তানও আফসোস করে, তাদের টিভিতেও বাংলাদেশের প্রশংসা হয়। আজ আমরা বিভিন্ন দিক দিয়ে ভারতকেও ছাড়িয়ে গেছি। কিন্তু বিএনপি এসব উন্নয়ন দেখেও তাদের কাজ শুধু সমালোচনা করা।

আরও পড়ুন : সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যেতে কোভিড নেগেটিভ সনদ লাগবে

কালাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোল্লা সামছুল আলম, গোলাম হাক্কানী, রাজা চৌধুরী, অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম সোলায়মান আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন চলছিল। অধিবেশন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language