ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজি কর্তন

ভোলা, ১৩ মার্চ – ভোলার লালমোহনের চরভুতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জসিম উদ্দিন (৩৫) এর ডান হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় চরভুতা ইউনিয়নের কক্সবাজার মোড়ে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় যুবলীগ নেতা মো. নুরু শুক্রবার বিকেলে মোবাইল ফোনে চরভুতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মো. জমিদ উদ্দিনকে দেখা করতে বলেন। সন্ধ্যার আগ মুহূর্তে জসিম মাদরাসা বাজারে নুরুর সঙ্গে দেখা করতে যান। এসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে নুরুর কয়েকজন অনুসারী ধারালো অস্ত্র নিয়ে জসিমের ওপর হামলা চালায়। জসিম দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করে।
আরও পড়ুন : রাস্তায় কয়েক লাখ টাকার বান্ডিল পেয়েও মালিককে খুঁজছিল সজিব
এক পর্যায়ে জসিমকে ফসলি জমিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কব্জি বিছিন্ন করে দেয়। অভিযুক্ত নুরু এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার একটি বাহিনী রয়েছে। আহতের পরিবারের অভিযোগ রাজনৈতিক কারণে জসিমের ওপর এ হামলা চালানো হয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১৩ মার্চ









