সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট শুরু ১৭ মার্চ, শুরুতেই যে ডিসকাউন্ট দেবে বিমান

সিলেট, ১৪ মার্চ – প্রথমবারের মতো আগামী ১৭ মার্চ সিলেট-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে বিমানের ফ্লাইট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এই ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এদিকে, সিলেট-চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম থেকে সিলেট ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ২ শ টাকা। আর রিটার্ন ভাড়া ৮ হাজার ৪ শ টাকা। তবে তারিখ ও আসন খালি থাকার ওপর এ ভাড়া নির্ভর করবে।
অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে জন্মবার্ষিকী এবং প্রথমবারের মতো সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল উপলক্ষে ওই দিন যাত্রীদের জন্য ১৭% ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুন : দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০
এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ বলেন, সিলেট চেম্বারের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ থেকে সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে। এর ফলে সিলেটের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিল্প খাতের বিকাশে নতুন গতির সঞ্চার হবে।
সেই সাথে সকল ব্যবসায়ী ও পর্যটকগণকে ১৭ মার্চের ১৭% ছাড়ের সুযোগ গ্রহণের জন্য সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে সিলেট থেকে শুধু ঢাকা আর কক্সবাজার রুটে চলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এবার আগামী ১৭ মার্চ থেকে সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুদিন বিমানের ফ্লাইট চলাচল করবে। তবে কোন দুদিন ফ্লাইট চলবে তা এখনো জানা যায়নি।
সূত্র : সিলেটভিউ২৪
এন এইচ, ১৪ মার্চ









