পশ্চিমবঙ্গ

দল ছাড়লেন তৃণমূলের অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায়

কলকাতা, ১৬ মার্চ – অভিনেত্রী ও বিধায়ক দেবশ্রী রায় তৃণমূল ছেড়েছেন। সোমবার (১৫ মার্চ) দলটির রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন দেবশ্রী।

দলের টিকিটে দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘি থেকে দুইবার বিধায়ক হন তিনি। কিন্তু এখন তিনি মনে করেন, দল তাকে ব্যবহার করেছে, সম্মান দেয়নি।

দেবশ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনুযোগ করে মঙ্গলবার আনন্দবাজারকে বলেন, তৃণমূলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না তিনি। তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চান।

‘রাজনৈতিক সন্ন্যাস’ নেবেন কি না জানতে চাইলে দেবশ্রী বলেন, ‘‘টানা ১০ বছর মানুষের জন্য কাজ করেছি। সেটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তবে বেশি করে অভিনয়ে ফেরার কথা ভাবছি। ওটাই আমার আসল জগৎ। এখনও সম্মানের সঙ্গে ডাক পাই।’

আরও পড়ুন : জ্ঞানেশ্বরী কাণ্ডে মদত ছিল মমতার! বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

তিনি আরও বলেন, ‘দলের জন্য কী করিনি! দিদি (মুখ্যমন্ত্রী) আমাকে মঞ্চে নাচতে বলেছেন, নেচেছি। পঞ্চকন্যা অনুষ্ঠানে রানিকে (অভিনেত্রী রানি মুখোপাধ্যায়) এনে দিতে বলেছেন, দিয়েছি। কিন্তু দল আমাকে কী দিয়েছে? দু‍বার বিধায়ক হয়েছি। কিন্তু মন্ত্রিত্ব দূরের কথা, দল বা সরকারের কোনো কমিটিতেও জায়গা পাইনি।’

বিজেপিতে যোগ দেবেন কি না জানতে চাইলে দেবশ্রী বলেন, ‌‘‌এখনো কিছু ভাবিনি। অভিনয়ে ফেরার ইচ্ছা। কয়েকটা প্রম্তাবও পেয়েছি। তবে সম্মানের সঙ্গে কেউ ডাকলে ভেবে দেখব।’

দেবশ্রীর প্রথম নায়ক মিঠুন চক্রবর্তী। ‘নদী থেকে সাগরে’ চলচ্চিত্রে এক সঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেই মিঠুন এখন বিজেপিতে। এবার কি তারই পদাঙ্ক অনুসরণ করবেন? এমন প্রশ্নে দেবশ্রী হেসে বলেন, ‘সে অনেক কাল আগের কথা। সম্প্রতি একটা শুটিংয়ে মিঠুন দার সঙ্গে দেখা হলো। তার পর পরই উনি বিজেপিতে যোগ দিলেন। আমার সঙ্গে অবশ্য মিঠুন দার রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি।’

এন এইচ, ১৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language