নোয়াখালী

কাদের মির্জার সকল কর্মসূচীতে নিষেধাজ্ঞা

নোয়াখালী, ১৬ মার্চ – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার নেয়া সকল কর্মসূচীতে নিষেধাজ্ঞা দিয়ে ঘরোয়াভাবে পালনের আদেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

সোমবার (১৫ মার্চ) নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আবদুল কাদের মির্জাকে এমন নির্দেশনা দেয়া হয়েছে। চিঠির কপি সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে পৌঁছে দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বসুরহাট পৌরসভা কর্তৃক আগামী ১৭ মার্চ বুধবার র‌্যালি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে বাহিরের জনসমাগমমূলক সব অনুষ্ঠান পরিহার করতে বলা হয়েছে।

আরও পড়ুন : কাদের মির্জাসহ ৯৭ জনের নামে মামলার আবেদন ফেরত

চিঠিতে জেলা পুলিশ সুপারের বিশেষ শাখার গত ১৪ মার্চ ২৭৪৭ নং স্মারক উল্লেখ করে, কোস্পানীগঞ্জে আ.লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকায় বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগমে পুনরায় বিবাধ ও সংঘাত সৃষ্টিসহ আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে একই দিনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ৩৪৮৫ নং স্মারকসূত্র উল্লেখ করে, সম্প্রতি দেশে কোভিট-১৯ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এড়িয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে অত্যাবশ্যকীয় নয়, এমন অনুষ্ঠানাদি আয়োজনে নিরুৎসাহিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক বলেন, বঙ্গবন্ধর জন্মশতবার্ষিকীতে বসুরহাট পৌরসভা বিভিন্ন কর্মসূচীর অনুমতি চেয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে বাইরের জনসমাগমমূলক অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language