ভোটের এক সপ্তাহ আগে ইস্তেহার প্রকাশ নিয়ে বিজেপি-র অন্দরে গুঞ্জন

কলকাতা, ১৭ মার্চ – আগামী ২৭ মার্চ রাজ্যের প্রথম দফার নির্বাচন। আর বিজেপি-র নির্বাচনী ইস্তেহার প্রকাশের দিন আপাতত ঠিক হয়েছে ২১ মার্চ। অর্থাৎ প্রথম দফা নির্বাচনের ঠিক সাত দিন আগে। এই প্রসঙ্গে বিজেপি-র এক রাজ্য স্তরের নেতাকে প্রশ্ন করলে তিনি বলেন, “আরে ২৭ তারিখ নির্বাচন, ২১ তারিখ তো ইস্তেহার প্রকাশ পাচ্ছে। আমাদের কথা আমরা সারা বছর ধরে মানুষের কাছে পৌঁছে দিই। আমাদর নির্বাচনের আগে মানুষকে ইস্তেহারের মাধ্যমে বোঝাতে হয়না যে আমরা মানুষের জন্য কী করবো, কী করেছি আর কী করতে চাই।”
বিজেপি জাতীয় পার্টি। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলেও পরিচিত। তবে ইদানিং নির্বাচনের মুখে রাজ্যে প্রার্থী দেওয়া নিয়ে বিজেপি-র অন্তর্কলহ প্রকাশ্যে এসে বুঝিয়ে দিয়েছে দল সংখ্যায় বড় হলেও গুণমান বড় নয়। কারণ নেতৃত্বের অভাব থাকলেই একটা দলে এভাবে প্রার্থীর নাম ঘোষণার পর এই ভাবে বিক্ষোভ , নেতাদের আক্রমণ, পার্টিঅফিস ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন : ক্ষমতায় এলে ‘মাসিক আয় সুনিশ্চিতের’ প্রতিশ্রুতি মমতার
এখন প্রশ্ন হচ্ছে বিজেপি দাবি করছে তারা ২০০ আসনে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। তাহলে প্রার্থী দেওয়া ও নির্বাচনী ইস্তেহার প্রকাশ নিয়ে বিজ্রেপি দলের মধ্যে কী কোনও সমন্বয় ছিল না? না হলে কেনও প্রার্থী দেওয়া নিয়ে এতো হাঙ্গামা হচ্ছে, যার ফলে অমিত শাহকে রাজ্য নেতৃত্বের সঙ্গে রাত জেগে বৈঠক করার পরও সমস্যা না কাটায় দিল্লিতে রাজ্য নেতৃত্ত্বকে ডেকে পাঠাতে হচ্ছে।
প্রথম দফা নির্বাচনের সাত দিন আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার যে লক্ষ্য বিজেপি নিয়েছে সেটা কোনও ভাবেই মানুষের কাছে নিজেদের বক্তব্য নিয়ে পৌঁছনোর জন্য যথেষ্ট সময় নয় বলে বিজেপি-র এক রাজ্য নেতা মনে করেন। তিনি বলেছেন, “দল বড় হচ্ছে। পাশাপাশি দলের শৃঙ্খলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এভাবে অন্য দলের থেকে লোক এনে দলের বহর বাড়ালে এটাই হয়। এর প্রভাব নির্বাচনে পড়তে বাধ্য। কিন্তু এই সত্যটা জেনে, বুঝেও চুপ করে থাকতে হচ্ছে।
সূত্র : কলকাতা২৪x৭
অভি/ ১৭ মার্চ









