কিউইদের হারানোর বড় সুযোগ দেখছেন টাইগার কোচ

ঢাকা, ১৮ মার্চ – নিউজিল্যান্ড ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা থাকলেও এখনো তাদের মাটিতে জয়ের স্বাদ পায়নি টাইগাররা। এবার সেই অধরা জয়ের বড় সুযোগ দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এই কথাই জানান তিনি।
বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে গেলেন ডোমিঙ্গো। তবে দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসেবে দুইবার নিউজিল্যান্ডে গিয়ে সাফল্য পেয়েছেন তিনি। ২০১৪ সালে ২-০ ব্যবধানে সিরিজ জেতার পর ২০১৭ সালে জিতেছিলেন ৩-২ ব্যবধানে। ফলে নিউজিল্যান্ডে ভালো করার মন্ত্রটা জানা আছে ডোমিঙ্গোর।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে গিয়ে সেই অসাধ্য সাধনের প্রত্যয় ব্যক্ত করেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজরা। একই কথা শোনা গেল দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কণ্ঠেও। আগের চার সফরে আসা দলগুলো যা পারেনি, এবার সেটিই করার সুযোগ দেখছেন টাইগারদের হেড কোচ।
আরও পড়ুন : পাকিস্তান দলে করোনার ছোবল
বাংলাদেশ কোচ বলেন, ‘বাংলাদেশের কোনো দল যা কখনো করতে পারেনি, সেটাই করে দেখানোর সুযোগ আমাদের সামনে। বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে এটাই আমার প্রথম সফর। এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এসেছি। এখানে সফরটা কঠিন। কিন্তু তরুণদের জন্য এটা দারুণ সুযোগ। সামনেই বিশ্বকাপ আর নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ভারতে (বিশ্বকাপ) ভালো করতে চাইলে এমন সব সিরিজেই ভালো খেলতে হয়।’
পেস আক্রমণে আরও আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আল আমিন হোসেন। আপাতদৃষ্টিতে তাই একাদশে হাসান মাহমুদ, শরিফুলদের জায়গা পাওয়া কঠিন। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডানেডিনে সংবাদ সম্মেলনে নিজের শক্তির জায়গা বলতে গিয়ে ডমিঙ্গো আলোয় আনলেন আড়ালের পেসারদের।
দলে ভালো কিছু পেসার থাকায় নিউজিল্যান্ডকে এবার চমকে দিতে চান তিনি, ‘তিন সংস্করণের মধ্যে আমরা ৫০ ওভারের খেলায় সবচেয়ে শক্তিশালী। আমাদের কিছু পেসার আছে, নিউজিল্যান্ড যাদের কখনো খেলেনি। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদদের মতো পেসারদের প্রতিভা আছে, ভালো বল করছে। ফাস্ট বোলারদের কাছ থেকে আমরা ভালো কিছু্ই আশা করছি।’
সূত্র: ঢাকাটাইমস
এন এ/ ১৮ মার্চ







