বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় বৈঠক শুরু

ঢাকা, ২০ মার্চ – বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রতিনিধি দলের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে।
শনিবারের এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশটির নেতৃত্ব দিচ্ছেন। খবর বাসসের
আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়।
এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা টাইগার গেইটে রাজাপাকসেকে স্বাগত জানান।
আরও পড়ুন : শেখ হাসিনার নৈশভোজে রাজাপাকসে
বৈঠকে শেষে দুটি সার্ক দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, বাণিজ্য, বিনিয়োগ ও শিপিংয়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোসহ পাঁচটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে শুক্রবার সকালে দু’দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র প্রতিমন্ত্রী, গ্রামীণ গৃহায়ন ও গৃহ নির্মাণ সামগ্রী শিল্প প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ ২৮ সদস্যের একটি প্রতিনিধিদল এই সফরে প্রধানমন্ত্রী রাজাপাকসের সঙ্গে রয়েছেন।
সূত্র : সমকাল
এন এইচ, ২০ মার্চ









