জাতীয়

মোদিকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২০ মার্চ – পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ঢাকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের জন্য আনন্দের। কেউ কেউ বিরোধিতা করছেন। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে নানা মতের লোক রয়েছেন। এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ নেই।

আরও পড়ুন : করোনায় বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আমিন চৌধুরীর মৃত্যু

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

সফরের প্রথম দিন (২৬ মার্চ) নরেন্দ্র মোদি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ‘বঙ্গবন্ধু-বাপু’ডিজিটাল প্রদর্শনী পরিদর্শন করবেন।

সফরের দ্বিতীয় দিন (২৭ মার্চ) সকালে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন করে শ্রদ্ধা নিবেদন করবেন। এদিন তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জে দুটি মন্দির পরিদর্শন, প্রার্থনা ও স্থানীয় জনগণের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করবেন।

এ সময় বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুটি স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। এছাড়া দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ২০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language