পরিবেশ

ঢাকার সবচেয়ে বেশি ও কম দূষিত এলাকা চিহ্নিত

ঢাকা, ২১ মার্চ – বিশ্বের কোনো শহর স্থাপনার জন্য, কোনোটা আবার বৃক্ষ বা জলাভূমির জন্য বিখ্যাত হয়। রাজধানী ঢাকা বায়ুদূষণের জন্য এখন আলোচিত। রাজধানীর ঢাকার সবচেয়ে বেশি ও দূষিতপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এলিফ্যান্ট রোডকে। আর সবচেয়ে কম দূষিত এলাকা মোহাম্মদপুরের তাজমহল রোড।

শনিবার (২০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‌‘ঢাকা শহরের ৭০টি স্থানে বায়ুদূষণের মাত্রার পরিমাণ’ শীর্ষক স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) বৈজ্ঞানিক ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার সবচেয়ে বেশি দূষিত এলাকা এলিফেন্ট রোড। আর সবচেয়ে কম দূষিত এলাকা মোহাম্মদপুরের তাজমহল রোড। এছাড়া সবচেয়ে বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে আরো আছে নিউমার্কেটের মেইন গেইট ও তেজগাঁও শিল্প এলাকা। আর সবচেয়ে কম দূষিত অন্য এলাকাগুলোর মধ্যে আগারগাঁও শিশু হাসপাতাল ও পল্লবীর ডি ব্লক উল্লেখযোগ্য।

আরও পড়ুন : ২৬ মার্চ বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ঢাকা শহরে বায়ুদূষণ ১৭ শতাংশ বেড়েছে। সংবেদনশীল এলাকায় গড় মান ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দশমিক ৮ শতাংশ কমেছে।

পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণার (২.৫) পরিমাণ তুলনামূলক বেশি। এটি সাধারণ জীবাশ্ম জ্বালানি বা যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো থেকে সৃষ্টি হয়। তবে নির্মাণ কাজ থেকে সৃষ্ট ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সঙ্গে সংঘর্ষের ফলে অতি ক্ষুদ্র ধূলিকণায় রূপান্তরিত হতে পারে।

সূত্র : বিডি২৪লাইভ
অভি/ ২১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language