কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ভয়াবহ আগুন, পুড়েছে কয়েক শ ঘর

কক্সবাজার, ২২ মার্চ – কক্সবাজারের উখিয়ার বালুখালি ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক খবরে ক্যাম্পটির কয়েক শ শেড পুড়ে গেছে বলে জানা গেছে। সোমবার ২টার দিকে লাগা আগুনে অসংখ্য রোহিঙ্গা ঝুপড়িঘর পুড়ে গেছে।

স্থানীয় ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে বিকাল সোয়া ৫টা নাগাদ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি টিম পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালায়। এখনও তারা কাজ করছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক তথ্য এখনো জানা যায়নি। তবে গ্যাস সিলিন্ডারের আগুন বলেছেন অনেকেই।

আরও পড়ুন : ভাসানচর দেখে ‘খুব সন্তুষ্ট’ জাতিসংঘ প্রতিনিধি দল

সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদও বিকাল ৫টার দিকে ক্যাম্পে পরিদর্শনে গেছেন।

বালুখালি ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আবদুল হাফেজ নামের একজন রোহিঙ্গা জানিয়েছেন, জোহরের নামাজের পর পরই আগুন লাগে।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন এখনো জ্বলছে। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে জানানোর পর পরই তৎপরতা শুরু হয়েছে। দ্রুত আগুন নেভানোর জন্য সবাই একযোগে কাজ করছে। এখনো পর্যন্ত কি পরিমাণ রোহিঙ্গাদের বসতি ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language