ক্রিকেট

ধোনির মহাভক্ত পুরো বাড়িই হলুদ রঙে রাঙালেন

নয়াদিল্লি, ১৫ অক্টোবর- চলতি আইপিএলটা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। দীর্ঘ ১ বছর পর পর ক্রিকেটে ফিরে তার অবস্থা বেহাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়ে ফেলেছেন। হয়ত শেষবার আইপিএলেও খেলছেন। প্রিয় তারকার প্রতি সম্মান জানাতে এবার তাই নিজের পুরো বাড়িটাই সিএসকের জার্সির রঙে রাঙিয়ে ফেললেন এক সমর্থক।

চেন্নাই সুপার কিংস ও ধোনির মহাভক্ত ওই ব্যক্তির নাম গোপি কৃষ্ণন। ৩০ বছরের গোপি দুবাইয়ে বিগত ১২ বছর ধরে ফোরেক্স ট্রেডার হিসাবে কাজ করছেন। কিছুদিন আগেই তামিলনাড়ুর কাদ্দালোর জেলার আরানগুরে ফিরেছেন। সেখানে ফিরেই গোপি পুরো বাড়ি হলুদ রঙে সাজিয়ে তুলেছেন। নিজের বাড়ির হলুদ রঙে ধোনির অবয়ব, সিএসকে লোগো ফুটিয়ে তোলার জন্য গোপি স্থানীয় একজন শিল্পী পন সেলভারাসুর সাহায্য নেন। তিনি স্থানীয় এক বিদ্যালয়ের আর্টিস্ট হিসাবে কর্মরত।

গোপি বলছিলেন, ‘বহুদিন ধরেই এমন করতে চেয়েছিলাম। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংষ সেরা ফর্মে খেলতে পারছে না। পুরো দল ঘিরেই নেতিবাচক মানসিকতা তৈরি হয়েছে। এই কারণে সবাই থালা ধোনি এবং সিএসকেকে নিয়ে ট্রোল করছে। এমনকি আমার অনেক বন্ধুও ধোনির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। আমি বলেছিলাম, শুধু কয়েকটা ম্যাচের ফলাফল দেখে ধোনির মতো ক্রিকেটারের সাফল্য বিচার করা ঠিক হবে না।’

আরও পড়ুন: ওয়াইড, নো-বলেও রিভিউ চান ভারতীয় অধিনায়ক কোহলি

গোপি আরো বলেন, ‘অন্যদের জবাব দেওয়ার জন্যই নিজের বাড়ি হলুদ রঙে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার লক্ষ্যই ছিল সিএসকে ফ্যান হাউসের মত গোটা বাড়ি সাজানো। পেইন্টার ও শিল্পীদের পরামর্শ নিয়েছি। পরিবারের লোকেরাও আমাকে সমর্থন করেছে। বাড়ি রং করতে প্রায় ১.৫ লক্ষ রুপি খরচ হয়েছে। গত কয়েকদিন কমপক্ষে ৫০০ জন আমার বাড়ি দেখতে এসেছেন। তারা সবাই খুব আনন্দিত। আমার বাড়ির সামনে ধোনির বিশাল মূর্তি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।’

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language