জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রী আসছেন আজ

ঢাকা, ২৩ মার্চ – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। সকালে ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার। এ সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশটির রয়্যাল একাডেমি অব পারফর্মিং আর্টসের (রাপা) ২২ জন শিল্পী এবং চারজন সাংবাদিক গত ১৯ মার্চ ঢাকায় এসেছেন।

আরও পড়ুন : দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুর রহমান জানান, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও তার বাংলাদেশ সফরের সময় দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এসময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে ২১টি গান স্যালুটসহ গার্ড অব অনার দেওয়া হবে।

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি হিসেবে ডা. লোটে শেরিং উপস্থিত থাকবেন।

সূত্র : সমকাল
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language