অবশেষে প্রায় দেড় লাখ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার

ঢাকা, ২৫ মার্চ – অবশেষে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তৈরি করা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করবেন।
জানা গেছে, আজ প্রকাশিতব্য এই তালিকা পূর্ণাঙ্গ নয়। এরপর আরেক দফা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের। আজ বিকাল ৪টায় সরকারি পরিবহন পুল ভবনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ (প্রথম পর্যায়) উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন : নিপীড়িত মানুষের মুক্তিই বঙ্গবন্ধুর দর্শন: রওনক জাহান
এতে মন্ত্রী ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারে (এমআইএস) যুক্ত হওয়াদের তালিকা প্রকাশ করবেন। এতে থাকবে প্রায় ১ লাখ ৪৮ হাজার প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের নাম। পাশাপাশি ১৮৬ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকাও প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবীদের তালিকার প্রথম পর্যায়ে শুধু বেসামরিক তালিকায় থাকা মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করা হবে না। উল্লেখ্য, বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত ৩৯ হাজার ২৪৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, এর মধ্যে ১ হাজার ৬৩১ জন বিভিন্ন বাহিনীর। জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে, তাদের নামও প্রথম পর্যায়ের তালিকায় নেই।
প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু পুরো প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত নতুন তালিকা প্রকাশ স্থগিত করতে হয় সরকারকে। এখনো সেই যাচাই–বাছাই প্রক্রিয়া চলমান।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৫ মার্চ









