জাতীয়

বহু দিনের আকাঙ্ক্ষা পূরণ হলো: নরেন্দ্র মোদি

ঢাকা, ২৭ মার্চ – বাংলাদেশে সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে অবস্থিত ঠাকুরবাড়ি পৌঁছে মন্দিরে পূজা দিয়ে বলেছেন, বহু দিনের আকাঙ্ক্ষা পূরণ হল। এছাড়াও বলেন, এই স্থান একভাবে বাংলাদেশ ও ভারতের আত্মিক সম্পর্কের তীর্থস্থান। শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে মন্দিরে পূজা দিয়ে মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নরেন্দ্র মোদি এসময় বলেন, বাংলাদেশ ও ভারত একবিংশ শতকের এই সময়ে অগ্রগতি লাভ করবে। শান্তি ও ভালোবাসার জন্য এই দুই দেশ বিশ্বকে পথ দেখাবে।

তিনি আরও বলেন, আজ আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পবিত্র এই ভূমিতে আসতে পেরেছি। হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের চরণে আমি মস্তক নত করে প্রণাম জানাই। অনেক আগে থেকেই এখানে আসার ইচ্ছা ছিল আমার। ২০১৫ সালে যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ আসি তখনই ওড়াকান্দি আসতে চেয়েছিলাম আমি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি ভারতের ১৩০ কোটি জনতার ভালোবাসা নিয়ে এসেছি বাংলাদেশে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পূর্ণ হওয়ার জন্য শুভেচ্ছা জানাই সবাইকে। গতকাল ঢাকার প্যারেড গ্রাউন্ডের সংস্কৃতি অনুষ্ঠান মুগ্ধ করেছে আমাকে।

আরও পড়ুন : মালিবাগ পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন

নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর সমাধিস্থল নিয়ে বলেন, আমি এখানে আসার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছিলাম। বঙ্গবন্ধুর নেতৃত্ব ও তার প্রতি দেশের মানুষের ভালোবাসা ও বিশ্বাস সত্যিই অতুলনীয়।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে অবতরণ করেন মোদি। সেখান থেকে তিনি কালীমন্দিরে যান। সকাল সোয়া ১০টার দিকে কালীমন্দিরে পৌঁছানোর পর তাকে বরণ করে নেয়া হয়। সেখানে তিনি বিভিন্ন আচার-আচরণ পালন করেন। এরপর কালীদেবির চরণে পূজা শেষে অংশ নেন প্রার্থনায়। সনাতন ধর্মাবলম্বীদের ৫১ পিটের একটি পিট হিসেবে জাগ্রত দেবীর এই তীর্থস্থান পরিদর্শনে আসেন তিনি।

নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান। এরপর নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল ফুলের চারা রোপণ করবেন।

প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র : আরটিভি
এন এ/ ২৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language