রাজশাহী

রাজশাহীতে অর্ধকোটি মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহী, ২৭ মার্চ – রাজশাহীর গোদাগাড়ীতে ৫৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় গোদাগাড়ী থানাধীন বিজয় নগর এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে ব্যাটালিয়ন ১ বিজিবির অধীনস্থ রাজাবাড়ী চেকপোস্টের হাবিলদার মো. সোলাইমানের সঙ্গে পাঁচজনের একটি বিশেষ দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিজয় নগর এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়। অভিযান চলাকালে টহল দলের উপস্থিতি টের পেয়ে কষ্টি পাথরের মূর্তি ফেলে পালিয়ে যায় সংশ্লিষ্টরা। এতে কাউকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত কষ্টি পাথরের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তি প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা পরবর্তীতে স্থানীয় প্রত্নতাত্ত্বিক যাদুঘর অথবা বিজিবি যাদুঘরে সংরক্ষণের জন্য পাঠানো হবে।

সূত্র: যুগান্তর
অভি/ ২৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language