জাতীয়

আর যদি একটি গুলি চলে বাংলাদেশ অচল করে দেওয়া হবে

ঢাকা, ২৮ মার্চ – হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি ও খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক বলেন, ‘আর যদি আমার কোনো ভাইকে হত্যা করা হয়, আবার যদি গুলি চলে, আর যদি কোনো ভাইয়ের রক্ত ঝরে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে।’

রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর পৌনে ১টায় বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘আজ হেফাজতের হরতাল কর্মসূচি ছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তবু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে দেখা গেছে আওয়ামী পান্ডাদের। আমার শান্তিপ্রিয় ভাইদের ওপর পুলিশ-বিজিবি নির্বিচারে গুলি ছুড়েছে। মধুগড়ের বর্ষীয়ান আলেম হেফাজতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। এটা কলঙ্কজনক অধ্যায় রচনা করল। মনে রাখবেন, এভাবে গুলি করে হেফাজতকে দমানো যাবে না, বরং আপনি আপনার গদি টেকাতে পারবেন না।’

আরও পড়ুন : দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত

মামুনুল হক বলেন, ‘হাটহাজারীতে, বিবাড়িয়ায় আমার ভাইয়ের রক্ত পান করেছেন। পীর সাহেবকে রক্তাক্ত করেছেন। নির্বিচারে গুলি ছুড়ছেন। এরপরেও কি আপনাদের রক্ত পিপাসা মেটেনি? এভাবে গোটা বাংলাদেশের জনগণকে খুন করে আপনারা কি রামরাজত্ব চালাতে চান?’

তিনি বলেন, ‘আমরা শান্তিশৃঙ্খলার সঙ্গে কর্মসূচি পালন করছি। রক্ত ঝড়িয়ে রাজপথ থেকে হেফাজত কর্মীদের সরানো-দমানো যাবে না। আবার যদি আমার কোনো ভাইয়ের রক্ত ঝরে, হত্যা করা হয়, আর একটি যদি গুলি ছোড়া হয়, তাহলে গোটা দেশকে অচল করে দেওয়া হবে।’

তিনি নেতাকর্মীদের বিশৃঙ্খল না করার জন্য ও বহিরাগতদের ফাঁদে পা না দিয়ে শান্তিপ্রিয় কর্মসূচি পালনের আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি য় জোনায়েদ আল হাবিব।

সূত্র: ঢাকাপোস্ট
এন এ/ ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language