আপাতত কোন সাধারণ ছুটির চিন্তা-ভাবনা নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা, ২৯ মার্চ – জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে সরকারের পক্ষ থেকে ১৮টি নির্দেশনা জারি করা হলেও সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সোমবার (২৯ মার্চ) প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় করোনা সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা জারি করা হয়।
আরও পড়ুন : একদিনে দেশে সর্বোচ্চ শনাক্ত ৫১৮১, মৃত্যু ৪৫
জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই, সাধারণ ছুটি দেয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব।’
প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত রোগী প্রথম ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, টানা ৬৬ দিনের ছুটি ৩০ মে শেষ হয়।
সূত্র : আরটিভি
এন এইচ, ২৯ মার্চ







