সিলেট

সিলেটে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

সিলেট, ৩১ মার্চ – সিলেটের দক্ষিণ সুরমায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিলেটের বিশ্বনাথের পূর্ব চানশী কাপন গ্রামের চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তাঁর মেয়ে কামরুন্নাহার শিপা (২২) এবং ওসমানীনগরের নিজ কুরুয়া গ্রামের অটোরিকশাচালক শামীম মিয়া (৩৫)।

আরও পড়ুন : শাবিতে অনির্দিষ্টকালের লকডাউন

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস দক্ষিণ সুরমার লালাবাজারে পৌঁছালে একই দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-মেয়ে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যান। এ ছাড়া অটোরিকশায় থাকা আরও এক যাত্রীকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

সূত্র : নতুুন সময়
এন এইচ, ৩১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language