পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গেও ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ গড়তে চান যোগী

কলকাতা, ০৮ এপ্রিল – বিজেপি পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় এলে নিজের রাজ্যের মতো সেখানেও ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ তৈরির ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।

হুগলি জেলার চাঁপদানি বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ সিংহের সমর্থনে বৈদ্যবাটির ডিএস পার্ক মাঠে বৃহস্পতিবার জনসভা থেকে তিনি এ কথা বলেন।

মেয়েদের পড়াশোনার জন্য বিজেপি সরকার কী কী সুবিধা দেবে, সে বিষয়ে বৃহস্পতিবার জানিয়েছেন যোগী। বলেছেন, ‘কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনা মূল্যে হবে। মেয়েদের জন্য গণপরিবহনেও কোনো খরচা লাগবে না।’

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে তৃণমূলের মন্ত্রী গিয়াসউদ্দিনের ওপর বিজেপির হামলা

এরপরই তার নিজের রাজ্যের ঢঙে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ তৈরির কথা ঘোষণা করেন, ‘বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুন্ডারা ঘুরে বেড়ায়, তাদের জন্য স্কুলের বাইরে ঘুরবে অ্যান্টি রোমিও স্কোয়াড।’

এই জনসভা থেকে দেশ জুড়ে বিজেপি সরকারের সাফল্যের কথা তুলে ধরেন যোগী। বলেছেন, ‘আমরা যা বলি তা করি।’

রাম মন্দির নির্মাণ থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ তুলে এনে তিনি বলেছেন, ‘তৃণমূল-সহ অন্য দল রামমন্দিরের বিরোধিতা করে এসেছে। কিন্তু মোদিজি রাম মন্দির তৈরি করে দেখিয়েছেন।’

কাশ্মীরে আতঙ্কবাদ মেটানোর প্রতিশ্রুতি মোদি-শাহের সরকার পালন করেছে বলেও দাবি তার। বলেছেন, ‘কংগ্রেস যে অধিকার থেকে দেশবাসীকে বঞ্চিত করেছিল, তা ফিরিয়ে দিয়েছে বিজেপি সরকার। এখন চাঁপদানির লোকও কাশ্মীরে জমি কিনে থাকতে পারেন।’

অভি/ ০৮ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language