জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে শান্তিরক্ষা মিশনের দুই ফোর্স কমান্ডারের সাক্ষাৎ

ঢাকা, ১৪ এপ্রিল – বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত দুজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার। তারা হলেন- ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (মিনুসকা) ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সিদিকি ড্যানিয়েল ত্রাওর এবং ইউনাইটেড নেশনস্ মিশন ইন সাউথ সুদানের (আনমিস) ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাইলেশ সাদাশিভ তিনাইকা। গতকাল সেনাবাহিনী সদর দপ্তরে তারা এ সাক্ষাৎ করেন।

আরও পড়ুন : ‌স্বাস্থ্যবিধি মেনে ইবাদত-বন্দেগির আহ্বান রাষ্ট্রপতির

আইএসপিআর জানায়, ফোর্স কমান্ডাররা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও চলমান শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভূত চ্যালেঞ্জগুলো এবং তা মোকাবিলায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের বিশেষভাবে সম্পৃক্তকরণ, মিশন এলাকায় এয়ার সহায়তা বৃদ্ধি এবং বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে শান্তিরক্ষা অপারেশনের কার্যপ্রণালির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেনারেল আজিজ আহমেদ।

এর আগে এদিন বাংলাদেশে সফররত ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব অপারেশনস্ ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন সেনাপ্রধানেরর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জেনারেল আজিজ আহমেদ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের প্রতি ভুটান সরকারের আকুণ্ঠ সমর্থন বজায় থাকবে বলে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন।

টিকার দ্বিতীয় ডোজ নিলেন সেনাপ্রধান : করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি টিকার এ ডোজ নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি একই হাসপাতালে তিনি টিকার প্রথম ডোজ নেন।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language